বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে র্যাবের গাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র্যাব-১১’র সিপিসি -১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন, রাসেল, আলাউদ্দিন, বাদশা হোসেন দিপু, সাব্বির, হাবিবুর রহমান, মিন্টু ও সিয়াম। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও শাবাল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত র্যাবের টহলদল দুটি বিভক্ত হয়ে সাদা পোশাকে টহলরত দল ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া এলাকায় সাদা পোশাকে টহলরত র্যাবের গাড়িকে ১০/১২ জনের একদল ডাকাত আটকিয়ে অস্ত্রমুখে জিম্মি করার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ যাত্রী ও বিদেশ ফেরত প্রবাসি যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত ও হত্যার মত ঘটনা ঘটিয়ে সর্বস্ব লুটে নেয়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং তাদের দলের সদস্য সংখ্যা ১২-১৫ জন। গ্রেপ্তাার ডাকাত সর্দার সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করছিল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির অধিক ডাকাতি করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
Leave a Reply