সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ দীর্ঘদিন ধরে কমিটি না হওয়া, যোগ্যতা থাকা সত্ত্বেও পদে না থাকা নিয়ে অস্বস্তিতে নারায়ণগঞ্জ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কবে নাগাদ এসব কমিটিগুলো গঠনের উদ্যোগ নিবেন এ বিষয়টি অনেকটা অনিশ্চিত। কেন্দ্রীয় নেতারা বারবার অঙ্গ সংগঠন নতুন করে গঠনের কথা বললেও তাঁদের কথার সাথে কাজের কোন মিল নেই। যে কারণে দীর্ঘদিন ধরে থমকে যাওয়া কমিটিগুলোকে নতুন করে গঠনের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না এমন অভিযোগ দলের কর্মীদের।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। দিনক্ষণও ঠিক রেখেও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। বৈরী আবহাওয়া থাকায় স্থগিত হয়ে যায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন। তবে অল্প সময়ের মধ্যে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র।
সূত্র জানায়, পর পর ৩বার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। এত বছর ক্ষমতায় থাকার পরও জেলা ও মহানগর যুবলীগের গোছাতে ব্যর্থ হয়েছে। তিন বছরের কমিটি নবায়ন না করে প্রায় দেড়যুগ পাড় করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ। বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আওয়ামী যুবলীগকে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে ধরা হয়।
বিগত বিএনপি-জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে নারায়ণগঞ্জের রাজপথ কাঁপিয়ে ছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ। সেই আমলের যুবলীগ এখন যৌবন পেরিয়ে বার্ধক্যে এসে পৌঁছেছে। জেলা যুবলীগের নেতারা সিনিয়র নেতায় পরিণত হয়েছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। তবে তিনি এখনো যুবলীগের পদ থেকে অব্যাহতি নেননি।
জানা যায়, ২০০৫ সালে ডা. সেলিনা হায়াত আইভী ব্লকের নেতা হিসেবে পরিচিত আব্দুল কাদিরকে সভাপতি ও শামীম ওসমান ব্লকের নেতা আবু হাসনাত শহীদ বাদলকে সাধারন সম্পাদক কমিটি গঠন করা হয়েছিল জেলা যুবলীগের। এছাড়া জাকিরুল আলম হেলালকে সিনিয়র সহ-সভাপতি, আসিফ হোসেন মানুকে সহ-সভাপতি ও শাহ নিজামকে করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এদের মধ্যে শাহ নিজাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাকিরুল আলম হেলাল মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন।
তবে দীর্ঘদিন ধরে জেলা যুবলীগকে সক্রিয় রেখেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানি, আবু মোঃ শরীফুল হক, আজমত আলী, জানে আলম বিপ্লব,খান মাসুদের মতো বেশ কিছু নেতা । এছাড়া মহানগর যুবলীগের রাজনৈতিক কর্মকান্ড চলছে সাহাদাত হোসেন সাজনু এবং আলী রেজা উজ্জ্বলের মাধ্যমে। নাসিক নির্বাচন চলাকালীন সময়ে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
Leave a Reply